ছবি: সংগৃহীত, ইনসেটে- ইয়াছিন
কুমিল্লার বাঙ্গরা এলাকায় বিয়ের আশ্বাস দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে অস্বীকৃতি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণ ও তাঁর পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কিশোরী।
গত ২৫ অক্টোবর ন্যায়বিচার চেয়ে অভিযোগটি দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগে বলা হয়েছে, এ সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ইয়াছিন তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান।
ভুক্তভোগীর অভিযোগ, সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন তাঁর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি দুই পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন বলে কিশোরী জানিয়েছে।
তবে পরে সালিশে যুক্ত ব্যক্তিরা অভিযুক্ত তরুণকে সরিয়ে নিয়ে তাঁর পরিবারকে চার লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাঁর দাবি, তাঁকে এ বিষয়ে নীরব থাকতে চাপ দেওয়া হয়েছিল।
কিশোরীটি গণমাধ্যমকে জানিয়েছে, অর্থ নয়, সে অভিযুক্তকে স্বামী হিসেবে চায়। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তরুণ ও তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, ছুটি শেষে তিনি সেদিনই কর্মস্থলে ফিরেছেন, তাই ঘটনাটি সম্পর্কে তখনো অবগত ছিলেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার তদন্ত ও অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি নির্ধারিত হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com