ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৩৪ এএম, ২৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল টেস্টের তারিখ ঘোষণা

প্রকাশিত : ০২:৩৪ এএম, ২৮ অক্টোবর ২০২৬

প্রতীকী ছবি

ডিজিটাল রিপোর্ট :

মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষা বা মেডিক্যাল টেস্টের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১ অক্টোবর থেকে কেবল সরকারের অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে এ পরীক্ষা শুরু হবে। এর আগে কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হলে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকার সর্বশেষ সংস্করণ দেখে সংশ্লিষ্ট সেন্টার সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও কেন্দ্রগুলোর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তালিকা থেকে কোনো সেন্টারের নাম বাদ পড়তে পারে, আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা মেডিক্যাল পরীক্ষার সনদ গ্রহণযোগ্য হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে জনশক্তি ছাড়পত্র বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।

সরকারের চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিক্যাল সেন্টার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু অসাধু এজেন্সি ও দালালচক্র অনুমোদনের আগেই মেডিক্যাল করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এ পরিস্থিতিতে অনুমোদিত কেন্দ্রের তালিকা প্রকাশ এবং সংশ্লিষ্ট নির্দেশনা নিশ্চিত হওয়ার আগে কাউকে পাসপোর্ট বা অর্থ জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে। প্রলোভনে পড়ে কোনো আর্থিক লেনদেন না করারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্রের পাশাপাশি ‘ভিডিআর’ ভিসার নথি জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ করা হতে পারে। একই সঙ্গে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত এবং তাদের সরকারি অনুমোদন বাতিলের পদক্ষেপও নেওয়া হতে পারে।

অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের মুখোমুখি হলে প্রমাণসহ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগামী কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com