অনুষ্ঠান শেষে বের হতে গিয়ে বিপাকে পরীমনি, গাড়ি ভাঙচুরের দাবি
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুর ও শিল্পীদের হেনস্তার অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।
রোববার রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে তাঁকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে।
ফেসবুক লাইভে পরীমনি বলেন, নির্ধারিত সময়ে তিনি মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে আওয়াজ তোলেন। সেখানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলা উচিত ছিল।
পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। এমনকি নিরাপত্তাজনিত কারণে গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।
লাইভে তিনি বলেন, গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাঁকে সেখান থেকে বের করতে পারছিল না। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাঁদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, সেখানে সামান্য একটি সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। পরীমনি নিরাপদে বাসায় ফিরে গেছেন। তবে গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com