শেখ হাসিনার নিরাপত্তা ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে যুক্তরাজ্যের ছয় রাজনীতিকের চিঠি
শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের কাছে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ছয়জন রাজনীতিবিদ। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করা, মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা এবং বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার দাবিও জানিয়েছেন তারা।
সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে দেওয়া এক চিঠিতে এসব দাবি জানানো হয়। যুক্তরাজ্যভিত্তিক রাজনীতিবিষয়ক অনলাইন মাধ্যম ‘কমেন্ট সেন্ট্রাল’ চিঠির বিষয়টি প্রকাশ করে। গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে এ উদ্যোগের কথা জানান দেশটির কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান।
চিঠিতে স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সীমাস লোগান।
চিঠিতে চার দাবি
চিঠিতে যুক্তরাজ্য সরকারের কাছে চারটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রথমত, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন লিখিত নিশ্চয়তা বাংলাদেশ সরকারের কাছ থেকে আদায়ের অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি দেশে ফেরার পর নির্যাতন, গুম কিংবা রাজনৈতিক সহিংসতা থেকে তার সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।
দ্বিতীয়ত, শেখ হাসিনাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগ এবং তার বিরুদ্ধে দেওয়া রায় ও সাজা চ্যালেঞ্জ করার সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। আটক করা হলে সেই প্রক্রিয়ার স্বাধীন পর্যালোচনার দাবিও জানানো হয়েছে।
তৃতীয়ত, তার বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ বা অনিয়ম হয়েছে কি না, তা স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে (ওএইচসিএইচআর) যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা।
চতুর্থত, বাংলাদেশের রাজনৈতিক দল, ভুক্তভোগীদের প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ আয়োজনে যুক্তরাজ্যের কূটনৈতিক সহায়তা চেয়েছেন রাজনীতিকেরা।
তবে চিঠিতে স্পষ্ট করা হয়েছে, শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন না তারা। বরং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতাদের স্বাধীন তদন্তে সহযোগিতা এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত জবাবও চেয়েছেন তারা। পাশাপাশি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, অন্যান্য দেশের কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগের তৎপরতা
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে রেখে যুক্তরাজ্যের রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে আওয়ামী লীগও। গত ৭ নভেম্বর বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাবিব মিল্লাত ছয় ব্রিটিশ রাজনীতিকের চিঠিতে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস কিংবা মৃত্যুর ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাকে ফেরাতে পাসপোর্ট বা ভ্রমণ নথির প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com