ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:১২ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

মস্কোয় মার্কিন সামরিক বিমান, গোপন বৈঠকে সিআইএ প্রধান র‍্যাটক্লিফ

প্রকাশিত : ০২:১২ এএম, ২৬ আগস্ট ২০২৬

মস্কোয় সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের আকস্মিক সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক :

হঠাৎ করেই রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করেছে। বিমানটির অবতরণ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই বলে জানিয়েছিল ক্রেমলিন। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে মস্কো সফর করেছেন।

তবে র‍্যাটক্লিফের সফরের উদ্দেশ্য কিংবা তিনি রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন—এ বিষয়ে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সরাসরি বৈঠকও সাম্প্রতিক সময়ে খুবই বিরল।

ফ্লাইট ট্র্যাকিংয়েও মিলেছে ইঙ্গিত

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যেও র‍্যাটক্লিফের মস্কো সফরের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে আসা ওই মার্কিন সামরিক বিমানটি রাশিয়া ছেড়ে আবার লাটভিয়ায় ফিরে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে সেটি র‍্যাটক্লিফকে বহন করছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল যে তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো যাবে। প্রতিনিধিদল রাশিয়ায় অবস্থান করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল বলে দাবি করেন ওই কর্মকর্তা।

সফরের সম্ভাব্য কারণ কী?

সিআইএ পরিচালক হিসেবে র‍্যাটক্লিফের এটিই প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। তবে মস্কোয় অবস্থানরত রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

মস্কোয় নিযুক্ত সাবেক ব্রিটিশ সামরিক সদস্য জন ফোরম্যানের মতে, সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ। জার্মানিতে সাম্প্রতিক ড্রোন তৎপরতার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনা চলছে, তার প্রেক্ষাপটেও সফরটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।

রেডিও ফোরের ‘পিএম’ অনুষ্ঠানে ফোরম্যান বলেন, কোনো বিশেষ ঘটনা না ঘটলে যুক্তরাষ্ট্র সাধারণত এত অল্প সময়ের নোটিশে গোপনে উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তাকে মস্কোতে পাঠায় না।

তার মতে, রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টিও আলোচনার সম্ভাব্য কারণ হতে পারে।

বন্দিবিনিময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিআইএর

রাশিয়ায় এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকা রুশ-মার্কিন নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় র‍্যাটক্লিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে। ইউক্রেনকে সহায়তার অভিযোগে রাশিয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৪ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভাসহ কয়েকজন মুক্তি পান।

উত্তেজনার মধ্যে আকস্মিক সফর

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ। এরপর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর র‍্যাটক্লিফকে রাশিয়া সফর করা সবচেয়ে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তাদের একজন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে সেই বৈঠক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। পরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া আলোচনা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে আছে।

সূত্র: সিবিএস

 
 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com