স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও আচরণের সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সংসদ থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই বিরোধী দলের বক্তব্যকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, ‘আজকেও উনি এ রকম কথাই বলেছেন যে এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল, আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। শাহবাগই ওনাকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।’
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তারা চাইলে আরও কঠোর মন্তব্য করতে পারেন। তবে সংসদকে সভ্য ও দায়িত্বশীল রাখার স্বার্থে তারা বক্তব্যের ভাষা ও শব্দচয়ন নিয়ে সতর্ক থাকেন।
তাহের বলেন, ‘আমরা যেহেতু একটি কালচারড, সিভিলাইজড একটা সংসদ তৈরি করার জন্য চেষ্টা করছি, সে জন্য আমরা সমালোচনা করি।’
বিএনপি সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তাহের। তার দাবি, সরকারের উন্নয়ন তহবিল থেকে বিএনপির লোকজনকে বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের নির্বাচিত এমপিদের বঞ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল। আমরা লাখ লাখ ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছি। কিন্তু বিরোধী দলের এমপিদের এসব বরাদ্দ দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হচ্ছে।’
দেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাহের। গ্যাস, বিদ্যুৎ, তেল, সার ও বীজের সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা জানান।
বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও সরকার তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তাহের।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদ অধিবেশন ডাকার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই চিঠির অনুরোধে কোনো সংসদ অধিবেশন সরকার ডাকেনি। হঠাৎ করে ২৭ আগস্ট সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। বিরোধী দল ভেবেছিল, চিঠির বিষয়ে আলোচনা হবে। কিন্তু দুঃখজনকভাবে সেটা এজেন্ডা ছিল না।’
বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদেরও উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও বিএনপি সরকারের অবস্থানের সমালোচনা করেন তাহের। গণভোটকে যদি সংবিধানের আওতার বাইরে বলা হয়, তাহলে একই প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তাহের বলেন, জনগণের কাছে বিএনপির অবস্থান তুলে ধরতেই লংমার্চের আয়োজন করা হচ্ছে।
দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিরও সমালোচনা করেন তাহের। তিনি বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এখন আমরা দেখছি জিরোটা আছে; কিন্তু তার বাঁয়ে আরও ১০০ যোগ হয়ে গেছে। তাইলে কত হয়? ১০০০ হয়। সেই হারেই দুর্নীতি চলছে।’
চাঁদাবাজি কোনোভাবেই প্রধানমন্ত্রীর জানার বাইরে হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের মতো করে আইন পাস করছে অভিযোগ তুলে কয়েকটি বিলের আলোচনায় অংশ না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন তাহের।
তিনি বলেন, ‘আমরা সেটার দায়িত্ব নিতে চাই না। জনগণের সঙ্গে যে বিট্রায়াল, এটার আমরা শরিক হইতে চাই না। আমরা আগেও প্রটেস্ট করেছি জনগণের জন্য, আজকেও জনগণের স্বার্থে আমরা এই বিলে কোনো ধরনের ডিসকাশন, হিয়ারিং বা কোনো কিছুতে পার্টিসিপেট না করে আমরা বয়কট করে আসছি।’
মক্কা প্যাক্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘মক্কা যে চুক্তি করেছে অ্যাপারেন্টলি আমরা মনে করি এটা একটা পজিটিভ।’
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় মানবাধিকার কমিশন বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সরকার বিরোধী দলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই উত্থাপন ও পাস করছে। এতে সরকারের ‘সংসদীয় স্বেচ্ছাচারিতা’ প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com