ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বসছে। রাজনৈতিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা ও বিতর্কের কারণে এবারের অধিবেশন তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, লোডশেডিংসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রশাসনের বিভিন্ন সংস্থায় দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও তারা প্রশ্ন তুলতে পারেন।
বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন, বর্তমান সরকার ইতোমধ্যে ছয় মাস পূর্ণ করেছে। ফলে সরকারের কর্মকাণ্ডের বিভিন্ন দুর্বলতা সংসদে তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করতে চান তারা। জনগণের কাছে বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তারা।
বিরোধীদের এমন অবস্থান প্রসঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন, জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক এবং বিভিন্ন ইস্যু উত্থাপনই সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া।
এদিকে এবারের অধিবেশনে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদ—এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিয়ে আলোচনা ও বিতর্ক হতে পারে।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ রয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের কার্যকর ভূমিকা এবং কমিটির সভাপতির পদ বণ্টন নিয়েও টানাপোড়েনের আশঙ্কা রয়েছে।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নিষেধাজ্ঞার আওতায় অস্ত্র ও বিস্ফোরক বহনসহ বিভিন্ন ধরনের জনসমাগমমূলক কার্যক্রমও নিয়ন্ত্রণ করা হবে।
জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণি ও শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com