ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

প্রকাশিত : ০৪:০৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের মধ্যে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সক্রিয় বনদস্যু। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. মানসুরুন মাহুদীন।

কোস্ট গার্ড জানায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মোংলার কাছাকাছি সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ওই ১২ জন আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তারা অস্ত্র ও গোলাবারুদ জমা দেন।

জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি এইট শুটার, একটি সিক্স শুটার, একটি ফোর শুটার, একটি সাইড হ্যামার, একটি বোল্ট অ্যাকশন পিস্তল, দুটি এমথ্রি গ্যাস গান, দুটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, দুটি ওয়ান শুটার ও দুটি এয়ারগান।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২১২ রাউন্ড তাজা কার্তুজ, ২৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২০ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার পিস্তলের গুলি, পাঁচ রাউন্ড ৮ মিলিমিটার তাজা গুলি এবং ৪১৩ রাউন্ড এয়ারগানের গুলি। তাদের কাছ থেকে চারটি পিস্তল ম্যাগাজিন, দুটি এয়ারগান ম্যাগাজিন এবং চার্জারসহ ছয়টি ওয়াকিটকিও উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারীদের মধ্যে খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া থানার সাতজন, সাতক্ষীরার শ্যামনগর থানার চারজন এবং বাগেরহাটের রামপাল থানার একজন বাসিন্দা রয়েছেন।

কোস্ট গার্ডের ভাষ্য, নানা ভাই বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির পাশাপাশি জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এর আগে ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য এবং ছোট জাহাঙ্গীর বাহিনীসহ মোট ৩৭ জন সক্রিয় বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের কর্মকর্তা বলেন, সুন্দরবনের যেসব সক্রিয় বনদস্যু স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আত্মসমর্পণকারী ১২ জনের বিরুদ্ধে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com