ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সিলেটে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত বিউটি রানী পাল

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল।

নিউজ ডেস্ক :

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি গানের সঙ্গে হাঁটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছিলেন তিনি।

সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নির্বাচন করেছে সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়। জেলা পর্যায়ে চারজন এবং বিভাগীয় পর্যায়ে তিনজন শিক্ষককে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

সিলেট জেলা পর্যায়ে নির্বাচিত চার শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।

এদিকে সিলেট বিভাগের চার জেলার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে তিনজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম।

বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বরের পত্রে জানানো হয়, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি রানী পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও সম্মাননা পেয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।

এর আগে গত জুলাইয়ে গানের সঙ্গে হাঁটার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করার পর বিউটি রানী পাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ভিডিওটি ঘিরে কেউ কেউ তাকে ট্রল ও হেনস্তা করেন। এমনকি ভিডিও প্রকাশের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

তবে এ পরিস্থিতিতে বিউটি রানীর পাশে দাঁড়ান সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। তার প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক ও অন্য পেশার মানুষও গানের সঙ্গে নিজেদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এভাবে ট্রলের প্রতিবাদ জানিয়ে তারা বিউটি রানীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com