ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশিত : ০১:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।

আন্তর্জাতিক ডেস্ক :

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে চলা ছাত্র নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের মধ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর ২৫ অক্টোবরের আগাম পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোচ্ছেন তিনি।

ভুচিচের পদত্যাগের পর পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ভুচিচ জানিয়েছেন, বছরের শেষ নাগাদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হতে পারে।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছেন ভুচিচ। সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় তিনি এবার পার্লামেন্ট নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হবে তার।

ভুচিচের শাসনের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে ছাত্র নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন চলছে। ২০২৪ সালের ১ নভেম্বর নভি সাদের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর আন্দোলন জোরালো হয়। বিক্ষোভকারীরা দুর্নীতি, স্বচ্ছতার ঘাটতি এবং সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আসছেন। ভুচিচ ও তার মিত্ররা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নির্বাচনী রাজনীতিতেও অংশ নিচ্ছে। ‘Students Win’ নামে ছাত্র নেতৃত্বাধীন একটি প্ল্যাটফর্ম ২৫ অক্টোবরের নির্বাচনে ভুচিচের এসএনএস ও মিত্রদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ নির্বাচনের মধ্য দিয়ে কয়েক বছরের সরকারবিরোধী আন্দোলন সরাসরি নির্বাচনী লড়াইয়ে রূপ নিয়েছে।

ভুচিচ এর আগে চলতি মাসে জানিয়েছিলেন, ২৫ অক্টোবরের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদে লড়বেন। ৯ সেপ্টেম্বর তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৫ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

পদত্যাগের পর ভুচিচ বলেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে গিয়ে সাধারণ নাগরিক হিসেবে নির্বাচনে অংশ নিতে চান। তার পদত্যাগপত্রে স্বাক্ষরের পর তিনি দায়িত্ব আনা ব্রনাবিচের কাছে হস্তান্তরের কথা জানান।

সার্বিয়ার এই রাজনৈতিক পরিবর্তনের দিকে পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোরও নজর রয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো ও কসোভোর সার্ব জনগোষ্ঠীর ওপর বেলগ্রেডের রাজনৈতিক প্রভাব রয়েছে। ফলে সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com