এআই ব্যবহার করে নারী সেনাসদস্যের ছবি-ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার তোফায়েল আলম টিটু।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের অভিযোগে তোফায়েল আলম টিটু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।
পিবিআই জানায়, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ইতালি প্রবাসী শাহাদাত খানের (২২) সঙ্গে পরিচয় হয় টিটুর। ওই পেজে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।
তদন্তের তথ্য অনুযায়ী, টিটু নারীর মতো কণ্ঠে শাহাদাতের সঙ্গে ফোন ও ইমোতে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। নিজের মায়ের অসুস্থতার কথা বলেও টিটু বিভিন্ন সময়ে টাকা নিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই কর্মকর্তা এম. এন. মোর্শেদ জানান, ভুক্তভোগীর মা প্রথমে আদালতে একটি সিআর মামলা করেন। মামলাটি তদন্তের সময় পিবিআই বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করে।
এরপর ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ১৩ সেপ্টেম্বর মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য নেয় পিবিআই ঢাকা জেলা। তদন্ত কর্মকর্তা এসআই মো. মনজুর রহমান তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে তোফায়েল আলম টিটুর সম্পৃক্ততার তথ্য পান।
পরে ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পিবিআই।
গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই আরও জানায়, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। ফেসবুক মেসেঞ্জারে শাহাদাতের সঙ্গে পরিচয়ের পর ইমোতে নারী কণ্ঠে কথা বলে তিনি ওই সম্পর্ক বজায় রাখতেন। শাহাদাতের মায়ের সঙ্গেও যোগাযোগ করে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআইয়ের পিসিপিআর যাচাইয়ে টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com