স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন’ ও ‘ভারসাম্যহীন’ আখ্যায়িত করে এর কোনো জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না। এ বক্তব্য ককটেল হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসীরুদ্দীনের কথাবার্তা ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’। এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বলছেন দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে, তাদের বক্তব্যের অর্থ হলো দাবি আদায়ের জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, আগে ১১ দলের জোট থাকলেও চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় এখন তা ৯ দলে দাঁড়িয়েছে এবং দাবিও ৯ দফায় নেমেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ‘ঠুস-ঠাস’ হবে না—এমন বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্টরা নিজেরাই এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা প্রমাণ করছেন বলে তিনি মনে করেন। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে তিনি আগ্রহী নন বলে পুনর্ব্যক্ত করেন।
এর আগে ২১ সেপ্টেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সংস্কার ও বিচারসংক্রান্ত তাদের প্রধান দাবিগুলো সরকার মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না।
এ বক্তব্যের পর ডিএমপির এক কর্মকর্তা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন। তবে তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com