ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার—বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেপি মরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর জেপি মরগানের আয়োজনে ওয়াল স্ট্রিট প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ প্রয়োজন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যেমন নিজেদের প্রতিষ্ঠান ও বিনিয়োগের স্বার্থ রক্ষা করেন, তেমনি সরকারের দায়িত্ব বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা। তবে উভয় ক্ষেত্রেই সাফল্য নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের বড় ও তরুণ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা। তৈরি পোশাক খাতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবাতেও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ আরও সহজ ও নির্ভরযোগ্য করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। এর মধ্যে নিয়ন্ত্রণব্যবস্থা ও বিধিবিধান সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মরগানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষ্য, এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

বিনিয়োগকারীরা কোনো দেশের নীতি ও বক্তব্যের পাশাপাশি বাস্তবে কী ঘটে, সেটিও বিবেচনা করেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন স্থানান্তর কতটা সহজ এবং মুনাফা দেশে ফেরত নেওয়ার সুযোগ কতটা সহজ—এসব বিষয় বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ।

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

তিনি জানান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করবেন এবং তাদের বিভিন্ন বিষয় সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো আরও বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও প্রযুক্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করা।

বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তাদের কথা শুনতে এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বাধা দূর করতে প্রস্তুত।

বৈঠকে ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com