৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে পিএসসি।
এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই ধারাবাহিকতায় সাধারণ বিসিএসের পরিবর্তে চিকিৎসকদের নিয়োগ দিতে ৫১তম বিসিএসকে বিশেষ বিসিএস হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে, তারা এ বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন।
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের ভ্যাট ও ডেটা ভেরিফিকেশন চার্জ বাবদ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।
এবারের বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা মূলত ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের শেষ পর্যায়ে থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের সব লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ হতে হবে। মৌখিক পরীক্ষার সময় দেশি বা বিদেশি ডিগ্রির সমমানের সনদ এবং বিএমডিসি নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
পিএসসি আরও জানিয়েছে, মিথ্যা তথ্য দেওয়া, সনদ জাল করা, পরীক্ষার হলে মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহারসহ কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল হতে পারে। তদবিরের ক্ষেত্রেও প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।
এদিকে ৫১তম বিসিএস বিশেষ হিসেবে প্রকাশ পাওয়ায় সাধারণ বিসিএসপ্রত্যাশীদের নজর এখন পরবর্তী বিজ্ঞপ্তির দিকে। পিএসসির আগের পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ বিসিএসের পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com