ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে গাছের আঘাতে যুবকের মৃত্যু, নারী গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:১৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে গাছের টুকরোর আঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে গাছের টুকরোর আঘাতে রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাশেদকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাতনির দুষ্টুমিকে কেন্দ্র করে তার দাদি হোসনে আরা বেগম তাকে বেত দিয়ে হালকা আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে হোসনে আরার সঙ্গে তার পুত্রবধূ জমিলা আক্তারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে প্রতিবেশী রাশেদসহ কয়েকজন তা থামাতে এগিয়ে আসেন।

এ সময় জমিলা আক্তার বড় একটি গাছের টুকরো দিয়ে রাশেদকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন তিনি।

প্রথমে রাশেদকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সময় ফরিদা বেগম ও রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের পোশাক ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে।

নিহত রাশেদের স্ত্রী জিয়াসমিন আক্তার স্বামীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার ও অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

স্থানীয়দের ভাষ্য, জমিলার স্বামী মো. আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এ কারণে শাশুড়ি হোসনে আরার সঙ্গে জমিলার বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। তবে এসব উদ্যোগের পরও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে জানান তারা।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com