কমলনগরে পাঁচ বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান আলিফা নামে পাঁচ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে নিজের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা দিদার হোসেন। তবে শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার মায়ের পরিবারের সদস্যরা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ সুপারের হস্তক্ষেপে শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। গত সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়। পরে চর জাঙ্গালিয়া ইউনিয়নের একটি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
নিহত নুসরাত জাহান আলিফা কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের দিদার হোসেনের মেয়ে। তার মা মর্জিনা আক্তারের বাড়ি একই উপজেলার চর কাদিরিয়া ইউনিয়নের কিল্লার রোড চৌকিদার বাড়ি এলাকায়।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে দিদার হোসেন ও মর্জিনা আক্তারের বিয়ে হয়। ব্যবসার কাজে দিদার বেশিরভাগ সময় ঢাকায় থাকেন। তাদের সংসারে জন্ম নেয় আলিফা।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে মর্জিনা শিশুটিকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
শিশুটির বাবা দিদার হোসেনের অভিযোগ, ঘটনার আগের দিন শনিবার মোবাইল ফোনে স্ত্রী মর্জিনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মর্জিনা তাদের সন্তানকে মেরে ফেলার হুমকি দেন বলে দাবি করেন তিনি। পরদিন রোববার বিকেলে মেয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পান দিদার।
দিদারের দাবি, এটি সাধারণ পানিতে ডুবে মৃত্যু নয়; তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি তার সন্দেহ আরও বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে শিশুটির বাবার অভিযোগ অস্বীকার করেছে মায়ের পরিবার। তাদের দাবি, আলিফা পানিতে পড়ে ডুবে মারা গেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com