রায়পুরে চারদিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ।
লক্ষ্মীপুরের রায়পুরে চারদিন ধরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সায়েম উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
পরে সোমবার রাতে দুই পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে তাদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
নিখোঁজ দুই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন ও এমরান হোসেন বলেন, আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের ফিরে পেতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সায়েম ও মিনহাজের নিখোঁজের বিষয়ে পৃথক জিডি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com