মাদক কারবারে জড়িত দুই ব্যক্তিকে সংশোধনের উদ্যোগ হিসেবে তাবলিগে পাঠায় কচুয়া থানা-পুলিশ।
চাঁদপুরের কচুয়ায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে সংশোধনের উদ্যোগ নিয়েছে পুলিশ। একাধিক মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলামের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করেন। এ সময় নিজেদের ভুল স্বীকার করে মাদক কারবার ও সেবন থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জালাল ও হেলাল।
তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানান।
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু মামলা ও আইনি ব্যবস্থা নিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকে জড়িয়ে পড়া ব্যক্তিদের নৈতিক পরিবর্তনও প্রয়োজন। সে লক্ষ্যেই তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আইনি ব্যবস্থার পাশাপাশি সংশোধনের সুযোগ দেওয়া হলে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সহজ হতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com