বাল্যবিয়ে ঠেকাতে ইউএনওর কার্যালয়ে হাজির ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী।
বাল্যবিয়েতে রাজি না হয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একাই হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। তার সাহসিকতা ও ভবিষ্যতে পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্নের কথা শুনে মুগ্ধ হয়ে পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী উপজেলার শ্যামপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, সম্প্রতি পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়। তবে অল্প বয়সে বিয়ে করতে রাজি হয়নি সে। পড়াশোনা চালিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে বাল্যবিয়ে বন্ধের জন্য একাই বাড়ি থেকে বের হয়ে প্রথমে থানায় যায়। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠায়।
ইউএনওর কাছে গিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা এবং বাল্যবিয়ে না করার কথা জানায় শিক্ষার্থীটি। তার কথা শুনে ইউএনও তার পরিবার ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলামকে কার্যালয়ে ডাকেন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়লেও মেয়েটির চিন্তাভাবনা অনেক পরিণত। সে সুন্দর ও গুছিয়ে কথা বলতে পারে। তার সাহসিকতা ও ভবিষ্যতের স্বপ্নের কথা শুনে তিনি মুগ্ধ হয়েছেন। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারকে বোঝানো হলে তারা বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে সম্মত হয়।
তিনি আরও জানান, শিক্ষার্থীটির পড়াশোনা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, প্রয়োজনীয় বই, ব্যাগ ও নতুন পোশাক দেওয়া হয়েছে। শিক্ষা জীবন শেষ হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করা হবে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, মেয়েটির বাবা নেই এবং পরিবারের নিজস্ব কোনো জায়গা-জমিও নেই। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। অভাবের মধ্যেও মেয়েটির পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন।
প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীটির উদ্যোগকে স্থানীয়দের অনেকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com