১২ ঘণ্টার প্যারোলে বিয়ে করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাইনপাল ধিল্লা।
ভারতের হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে ৫০০ অতিথির উপস্থিতিতে বিয়ে করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দি। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও নববধূকে নিয়ে বাড়ি ফেরার সুযোগ পাননি বর। ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় নির্ধারিত সময় রাত ৮টায় তাকে আবার কারাগারে ফিরতে হয়েছে।
বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বদলি নামেও পরিচিত। তার কনে কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। বৃহস্পতিবার দুপুরে ঝাজ্জারের একটি খামারবাড়িতে তাদের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল।
জানা গেছে, ২০১৮ সালে কম্বোডিয়ায় মাইনপাল ও মেটা চানমিয়ার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করেন।
ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, বিয়ের অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছিল। অতিথিদের প্রবেশের সময় তল্লাশি চালানো হয় এবং স্বজন ও অতিথিদের চলাচলের ওপর নজর রাখা হয়। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় ২০১৩ সালের এপ্রিলে যাবজ্জীবন কারাদণ্ড পান। ওই মামলায় হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ছিল। কর্মকর্তাদের ভাষ্য, আরও দুটি মামলাতেও তার সাজা হয়েছে।
এর আগে ২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছিলেন ধিল্লা। তবে প্যারোল শেষে তিনি আর কারাগারে ফেরেননি। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয় ব্যবহার করে ভারত ছাড়েন তিনি। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।
কম্বোডিয়ার কর্তৃপক্ষ ২০২৫ সালের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে। একই বছরের সেপ্টেম্বরে তাকে ভারতে ফেরত পাঠানো হলে আবার কারাগারে নেওয়া হয়। আগেরবার প্যারোলের সুযোগে পালিয়ে যাওয়ার কারণে এবার বিয়ের জন্য দেওয়া প্যারোলে কঠোর শর্ত আরোপ করা হয়েছিল।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com