ইয়ানবু জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা থেকে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টিএফ১ ও ফ্রান্স ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। ম্যাক্রোঁ জানান, ইয়ানবুতে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। তবে কোনো সংঘাতে জড়ানো তাদের উদ্দেশ্য নয়; বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষিত রাখাই এ মোতায়েনের লক্ষ্য।
ম্যাক্রোঁ বলেন, ইয়ানবু জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলার কারণে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প এই পথটি নিরাপত্তাঝুঁকিতে পড়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর হুতিরা ইয়ানবুর একটি আরামকো স্থাপনায় হামলার দাবি করেছিল। সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়ানবু লক্ষ্য করে হামলা ঠেকানোর কথা জানিয়েছিল।
রয়টার্স জানিয়েছে, হুতিদের হামলার কারণে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প রুট নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপরও প্রভাব পড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে—এমন সম্ভাবনারও সমালোচনা করেছেন ম্যাক্রোঁ। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে না। ম্যাক্রোঁর মতে, এমন পদক্ষেপ নেওয়া হলে তা বিশ্ব অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফ্রান্সের মাটিতে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে শীতের আগে দেশে পর্যাপ্ত গ্যাস ও তেল সরবরাহ রয়েছে বলে ফরাসি নাগরিকদের আশ্বস্ত করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com