সিলেটে রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণাবলি ও নৈতিক মানে সেরা হতে হবে। সেই অনুযায়ী সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে।
শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে হবে। আগামী দিনের স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে থাকতে হবে।
জামায়াত আমির বলেন, ‘আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।’ ইসলামী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে অগ্রগামী বলেও মন্তব্য করেন তিনি।
মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মান দিয়ে কথা বলা একটি গুরুত্বপূর্ণ কৌশল। জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করতে হবে।
অবৈধ অর্থ উপার্জনের চিন্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য ও সব ধরনের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। হারাম থেকে মুক্ত থাকতে হবে। একই সঙ্গে মা-বাবার সঙ্গে সদাচরণ এবং পরিবারের প্রতিটি সদস্যের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষা করতে হবে।
সন্তানদের সঙ্গে কোমল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিকৃত নামে ডাকা যাবে না। সন্তান বিপথগামী হলেও তাকে অভিশাপ না দিয়ে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। ছেলে ও মেয়ের ক্ষেত্রে বৈষম্য না করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
এ সময় জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষাশিবিরে মহানগরীর রুকনরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরিতে মনোযোগী হতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com