জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির সতর্কবার্তা হিসেবে সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে উল্লেখ করে নেপালকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, উষ্ণ হয়ে ওঠা জলবায়ু হিমালয়ের ভঙ্গুর পরিবেশব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। এর ফলে পারমাফ্রস্ট গলছে, হিমবাহ দ্রুত সরে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
গত মাসের শেষ দিকে নেপাল-চীন সীমান্তের কাছে উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহসংক্রান্ত ধস থেকে সৃষ্ট প্রবল ঢলে ভয়াবহ বিপর্যয় ঘটে। এতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। সরকারের প্রাথমিক হিসাবে, এতে প্রায় ৫০০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
শাহ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান ০.১ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির বড় প্রভাব দেশটিকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালের প্রয়োজনীয় ব্যয়ের একটি অংশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বহনের আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী। একই সঙ্গে নেপাল, ভারত ও চীনকে নিয়ে ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠনের প্রস্তাব দেন তিনি।
এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট তথ্য ও বিশেষজ্ঞ মতামত বিনিময়, হিমবাহের হ্রদ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।
নেপাল জাতিসংঘের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ২ কোটি ডলার সহায়তা চেয়েছে। তবে প্রায় ৫০০ কোটি ডলারের ক্ষতির তুলনায় এই অর্থ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বন্যা-পরবর্তী পুনরুদ্ধারে চলতি সপ্তাহের শুরুতে নেপালকে আরও ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, জি-৭ দেশগুলোও অনানুষ্ঠানিকভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যও নেপালকে সহায়তার আশ্বাস দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com