ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের ফেনী সফর ঘিরে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত করেছে প্রশাসন। সফরের বিভিন্ন সভাস্থলকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। এ ছাড়া সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

প্রশাসন সূত্র জানায়, পরশুরাম ও ফুলগাজীর সভাস্থলগুলোকে তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হবে। সর্বোচ্চ নিরাপত্তার আওতায় থাকবে রেড জোন। এ জোনে প্রবেশের জন্য বিশেষ নিরাপত্তা কার্ড প্রয়োজন হবে। ইয়েলো জোনে প্রবেশের জন্যও নির্দিষ্ট কার্ডের ব্যবস্থা থাকবে। আর রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় তাদের মোতায়েন করা হবে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। এসএসএফের পাশাপাশি পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে সব মিলিয়ে কতজন সদস্য মোতায়েন থাকবেন, তা তিনি নির্দিষ্ট করে জানাননি।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১ অক্টোবর সকালে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এরপর ফুলগাজীতে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুরুতে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল উদ্বোধন করবেন তিনি। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায়ের কথা রয়েছে।

সফরের সূচি অনুযায়ী, দুপুর ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহযোগিতা কার্যক্রমে অংশ নেবেন তিনি। পরে দলীয় নেতাকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সূচি অনুযায়ী তিনি সড়কপথে পরশুরাম যাবেন। তবে সফর শেষে কীভাবে ফিরবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও প্রস্তুতিমূলক কাজ চলছে। একই সঙ্গে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com