নিলামে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়
মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে মাদরাসার সহযোগিতার জন্য আয়োজিত নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়। রাত প্রায় ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বক্তব্য শেষে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা নিলামে তোলা হয়। মাহফিল ও নিলামের পুরো আয়োজন ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।
নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে দর বেড়ে ৫০ হাজার টাকায় পৌঁছালে আব্দুল মালিক রুকন সর্বোচ্চ দরদাতা হিসেবে কমলাগুলো কিনে নেন।
মাহফিলে উপস্থিত ব্যক্তিরা জানান, নিলামে অংশগ্রহণকারীদের মূল উদ্দেশ্য ছিল মাদরাসার কার্যক্রমে আর্থিক সহযোগিতা করা।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার উদ্দেশ্যেই তার বাবা কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদরাসাটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়, যা বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, ফল ও অন্যান্য সামগ্রী বেশি দামে বিক্রির মূল উদ্দেশ্য হলো ধর্মীয় প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদরাসার শুভাকাঙ্ক্ষী এবং এর উন্নয়নে নিয়মিত সহযোগিতা করে আসছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com