নারী পরিচয়ে ইতালি প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তরুণ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের এক তরুণের বিরুদ্ধে। একপর্যায়ে মোবাইল ফোনে বিয়ের সম্পর্ক তৈরি করে ওই প্রবাসীর কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন লাখের বেশি টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ নামে এক নারীর সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, প্রায় চার মাস আগে শান্ত আলী ওই প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের একটি ভুয়া সম্পর্ক তৈরি করেন। এরপর কথিত স্বামী-স্ত্রীর মতো যোগাযোগ বজায় রেখে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন লাখের বেশি টাকা নেন।
প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে শান্ত তার বাবাকেও ওই প্রবাসীর সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার সকালে শান্ত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার বাবাকে গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় শান্তর মোবাইল ফোনে ওই ইতালি প্রবাসী কল করেন। তখন পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, এতদিন যে ‘সুমাইয়া আক্তার’-এর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছিলেন, তিনি আসলে একজন পুরুষ।
বিষয়টি জানার পর ওই প্রবাসী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারের পর ইতালি প্রবাসীর সঙ্গে প্রতারণার বিষয়টি জানা যায়।
ওসি জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com