ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা মানুষের সামনে তুলে ধরা এবং শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখাকে নিজেদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিজের জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের দায়িত্ব। বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আত্মত্যাগ এবং আন্দোলনে বিএনপির নেপথ্য ভূমিকা অন্তর্বর্তী সরকারের সময়ে যথাযথভাবে তুলে ধরা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, জুলাই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের সামনে তুলে ধরতে হবে। শহীদদের স্মৃতি অমলিন রাখতে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া ও কবর জিয়ারতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এসব কাজে জেলা বিএনপি তাকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।
স্থানীয় নির্বাচন নিয়েও বক্তব্য
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জাতীয় ও স্থানীয়—উভয় নির্বাচনেই দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকেন। আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদ খাঁনের ভাষ্য, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বিএনপির প্রস্তুতি রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com