বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার চুক্তির খবর নাকচ করেছে জাপান
বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপানের সঙ্গে কোনো চুক্তি বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে টোকিও।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, বাংলাদেশ ও জাপানের শীর্ষ পর্যায়ের বৈঠক কিংবা অন্য কোনো দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের বৈঠকে বাংলাদেশে আগামী পাঁচ বছরে বেসরকারি খাতের মাধ্যমে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি উঠে আসে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
এর আগে মানবসম্পদবিষয়ক একটি সেমিনারে জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনাকে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে প্রচার করা হয়।
জাপানি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, দেশটি কোনো নির্দিষ্ট দেশের জন্য আলাদা করে কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করে না। প্রচলিত স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) এবং টেকনিক্যাল ইন্টার্ন কর্মসূচির আওতায় প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেই বিদেশি কর্মীদের জাপানে কাজের সুযোগ পেতে হয়।
এসব কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের জাপানি ভাষা ও সংশ্লিষ্ট কারিগরি দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ফলে বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার চুক্তি হয়েছে—এমন প্রচারের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই বলে স্পষ্ট করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com