সাইবার হামলায় বিপুল পরিমাণ ক্রিপ্টো সম্পদ চুরির খবর জানিয়েছে বিন্যান্স
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, হ্যাকাররা তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬৩০ কোটি ডলার (৬ দশমিক ৩ বিলিয়ন ডলার) মূল্যের ডিজিটাল সম্পদ সরিয়ে নিয়েছে। তবে চুরি হওয়া সম্পদের অর্ধেকের বেশি উদ্ধার করা সম্ভব হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে বিন্যান্স।
প্রাথমিক তদন্তের বরাতে বিন্যান্স জানিয়েছে, তাদের একটি প্রকল্প-সংশ্লিষ্ট ল্যাপটপের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হ্যাকাররা বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতে পারে। এ ঘটনায় উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গোষ্ঠী লাজারাস ও ট্রেডারট্রেইটরের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠীর দায় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
উত্তর কোরিয়ার সম্পৃক্ততা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বিন্যান্স জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ই চু বলেন, চুরি হওয়া সম্পদ উদ্ধারে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মের নিরাপত্তা-সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য প্রকাশ্যে আসায় অর্থ উদ্ধারের প্রচেষ্টা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে বিন্যান্সের দাবি, তাদের মূল প্ল্যাটফর্ম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি।
এ ঘটনার পর ক্রিপ্টো বাজারের অন্যান্য বড় প্রতিষ্ঠানও দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। টিথারের সিইও পাওলো আরদোইনো জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে। একইভাবে সার্কেলও ৮০ কোটির বেশি ডলারের সম্পদ জব্দ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকেও অর্থ চুরির খবর পাওয়া গেছে।
ক্রিপ্টো ইতিহাসের অন্যতম বড় এই হ্যাকিংয়ের ঘটনা বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। বিটকয়েনের দাম ৮ শতাংশের বেশি কমার পাশাপাশি ইথেরিয়াম ও সোলানার মতো অন্যান্য প্রধান ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্যেও বড় ধরনের পতন দেখা গেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com