চুয়াডাঙ্গার জীবননগনর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি ও রাবার বুলেট ছুড়ে আহত করার পর ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ঘটনার পর থেকে মনিরুলের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জীবিত আছেন কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের বিপরীতে ভারতের পুটিখালী এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুল জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজনের একটি দল সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যায়। এ সময় ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান।
তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালে ঝাঁপ দিয়ে বাংলাদেশ সীমানায় ফিরে আসেন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মনিরুলের সঙ্গে থাকা ব্যক্তিরা হলেন—একই এলাকার রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) ও মশিয়ার (৪০)।
হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পর সীমান্তে গুলির শব্দ শোনা যায়। পরে তাঁরা জানতে পারেন, মনিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্ত এলাকায় একজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তাহসিন জানান, হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলি ছোড়া এবং একজনকে ধরে নিয়ে যাওয়ার তথ্য তাঁদের কাছে এসেছে। তবে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় প্রতিবাদ জানানো এবং আটক ব্যক্তির বিষয়ে তথ্য জানতে বিএসএফকে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। শনিবার (৭ নভেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com