ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত : ০২:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে যুবককে মারধরের অভিযোগ উঠেছে

ডিজিটাল রিপোর্ট :

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে দরজা বন্ধ করে এক প্রবাসী যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী যুবকের নাম রবিউল ইসলাম রবিন। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মৃত আবদুল মান্নানের ছেলে। সৌদি আরবপ্রবাসী রবিনের অভিযোগ, তাঁর বোনের জাতীয় পরিচয়পত্র করার কাজে সহযোগিতা চাইতে গিয়ে তিনি মারধরের শিকার হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে কয়েকজন কর্মচারী রবিউল ইসলামকে ধরে রেখেছেন। এ সময় কয়েকজন তাঁকে আঘাত করছেন। একজনকে তাঁর গলা চেপে ধরতেও দেখা যায়। একপর্যায়ে কক্ষের ভেতরে হইচই শুরু হয়। পরে কর্মচারীরা তাঁকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যান।

রবিউল ইসলামের অভিযোগ, কক্ষের দরজা বন্ধ করে তাঁকে মারধর করা হয়। পরে দরজা খুলে তাঁকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, তাঁর বোন সুমাইয়া আক্তার স্বপ্নার জাতীয় পরিচয়পত্র করার জন্য কয়েকবার উপজেলা নির্বাচন কার্যালয়ে গেছেন। প্রতিবারই বিভিন্ন সমস্যা দেখিয়ে তাঁকে হয়রানি করা হয়েছে। বুধবার কার্যালয়ের এক কর্মচারী তাঁর কাছে ৩ থেকে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিলে কাজ করে দেওয়ার কথাও বলেন ওই কর্মচারী। তবে ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন রবিন।

ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি নির্বাচন কার্যালয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তাঁর দাবি, রবিউল ইসলাম যেসব কাগজপত্র নিয়ে এসেছেন, সেগুলোতে ব্যাপক অসংগতি রয়েছে। তাঁর বাবা দুটি বিয়ে করলেও ওয়ারিশ সনদে সেই তথ্য গোপন করা হয়েছে। এ ছাড়া রবিনের বোন স্বপ্নার জন্ম ২০০২ সালে হলেও একটি সনদে ১৯৭৫ সাল উল্লেখ রয়েছে।

নির্বাচন কর্মকর্তা বলেন, এসব কাগজপত্র সংশোধন করে আনতে বলা হয়েছিল। এ নিয়ে ভুল-বোঝাবুঝির একপর্যায়ে কর্মচারীরা রবিনকে চেয়ারে বসতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা উত্তেজনাকর পরিস্থিতি ওই ঘটনারই অংশ। তবে তাঁকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য ওই যুবক নির্বাচন কার্যালয়ে এসেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com