ওড়িশায় স্বামীকে হত্যার পরিকল্পনায় মঙ্গলসূত্র বন্ধক রেখে টাকা দেওয়ার অভিযোগে স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের ওড়িশায় স্বামীকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ও তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওড়িশার সুবর্ণপুর জেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় গুলিতে নিহত হন পেশায় ঝালাইমিস্ত্রি সুদাম নাগ। এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার তাঁর স্ত্রী কবিতা নাগ (৩৪), প্রেমিক ত্রিলোচন বাগ (৩৪) ও যুবরাজ সাহুকে (৪২) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার নারায়ণ নায়েক জানান, কবিতার সঙ্গে ত্রিলোচনের দুই বছর ধরে এবং যুবরাজের প্রায় ১২ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিত বিরোধের জেরে তিনজন মিলে সুদামকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কবিতা নিজের সোনার মঙ্গলসূত্র ত্রিলোচনের হাতে তুলে দেন। সেটি একটি স্বর্ণের দোকানে বন্ধক রেখে ৪৫ হাজার রুপি সংগ্রহ করেন ত্রিলোচন। ওই অর্থ দিয়ে রাউরকেলা থেকে অবৈধ পিস্তল ও গুলি কেনেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুদাম। এ সময় যুবরাজ তাঁর অবস্থান জানতে পেরে কবিতাকে জানান। পরে কবিতা একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে সেই তথ্য ত্রিলোচনের কাছে পাঠান বলে অভিযোগ পুলিশের।
এরপর পাঙ্কেল এলাকায় সুদামের পথরোধ করে তাঁকে লক্ষ্য করে চারটি গুলি চালান ত্রিলোচন—এমন অভিযোগ করেছে পুলিশ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন কবিতা। তবে সাক্ষীদের বক্তব্য ও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে তদন্ত চালিয়ে হত্যার পরিকল্পনা উদ্ঘাটন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলির খোসা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com