সংগৃহীত
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ছাত্রশিবির আবারও পুরোনো গুপ্ত ও প্রতারণামূলক রাজনীতি শুরু করেছে।
রোববার (১৭ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ পুনর্গঠন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে। তবে এই পরিবর্তন ছাত্রশিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, যেসব উপাচার্যকে অপসারণ করা হয়েছে, তাদের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং প্রকাশ্যে কিংবা নেপথ্যে জামায়াতপন্থি মতাদর্শের ধারক ছিলেন।
নাছির আরও লেখেন, “জামায়াতপন্থি প্রশাসনকে ব্যবহার করেই ছাত্রশিবির দীর্ঘদিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুপ্ত রাজনীতি, ভয়ভীতি, নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেটের রাজত্ব কায়েম করেছিল। এখন সেই নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তারা আবারও পুরোনো মুনাফেকি ও প্রতারণার রাজনীতি শুরু করেছে।”
নবনিযুক্ত উপাচার্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, ছাত্রশিবির তাদের পরিচালিত ফেইক পেজ ও গোপন প্রোপাগান্ডা সেলের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং কোথাও কোথাও যোগদানে বাধা দিচ্ছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে নিয়ে সমালোচনার জবাবে নাছির উদ্দীন নাছির বলেন, তার একাডেমিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
একইসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের বিরোধিতারও সমালোচনা করেন তিনি।
ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদান ঘিরে সাম্প্রতিক হট্টগোলের প্রসঙ্গ টেনে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “ছাত্রশিবির আদর্শের রাজনীতি নয়, বরং সন্ত্রাস ও বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস, মিথ্যাচার ও প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com