জাতীয় ছাত্রশক্তির পদত্যাগী সভাপতি জাহিদ আহসান।
ভারপ্রাপ্ত সভাপতি হলেন সিনিয়র সহসভাপতি আহসান লাবীব
পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।
পদত্যাগের বিষয়ে বুধবার রাতে জাহিদ আহসান বলেন, তার মা অসুস্থ এবং পরিবারকে সময় দেওয়া প্রয়োজন। এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, বুধবার সংগঠনের সভায় প্রায় দুই ঘণ্টা সবার সঙ্গে আলোচনা করার পর তিনি পদত্যাগ করেন। ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় থাকার কথাও জানান তিনি।
এদিকে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যেই সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
সূত্র: সংগঠনটির নেতাদের বক্তব্য
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com