ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন: শেখ হাসিনা

প্রকাশিত : ০১:৪৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নিজের অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক :

নিজের অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিম পালন করবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ সেলিম বর্তমানে জ্যেষ্ঠ। তাই তিনি অনুপস্থিত থাকলে সভাপতির দায়িত্ব শেখ সেলিম পালন করবেন।

ছোট বোন শেখ রেহানা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ডিসেম্বরে দেশে ফেরার কথা

সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও ডিসেম্বর মাসে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানান। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অন্য কারও জীবন যাতে ঝুঁকিতে না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি।

দেশে ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট না পেলেও কীভাবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তার নিজের দেশ এবং সেখানে ফেরার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দেশে ফেরার অনুমতি না পেলে অন্য কোনো উপায়ে প্রবেশ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিযোগ

বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে বলে দাবি করেন শেখ হাসিনা। এর প্রভাব শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং ভারতকেও এর খেসারত দিতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলেও মত দেন তিনি। এ কারণে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ কষ্ট পাচ্ছে এবং তাদের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরতে চান। এ জন্য প্রয়োজনে নিজের জীবন ঝুঁকির মুখে পড়লেও তিনি পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা

বাংলাদেশের নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ভারত সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের দর-কষাকষি বাংলাদেশের জন্য সম্মানজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সামরিক জোটের পরিবর্তে পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন।

২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা

২০২৪ সালের ৫ আগস্ট গণভবন থেকে ভারতে যাওয়ার ঘটনাও সাক্ষাৎকারে তুলে ধরেন শেখ হাসিনা। তার দাবি, দেশ ছাড়ার পরিকল্পনা তার ছিল না এবং কী ঘটতে যাচ্ছে, সে বিষয়েও তিনি আগে থেকে অবগত ছিলেন না।

শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারে সীমান্ত পার হওয়ার পর তাকে জানানো হয় যে তারা ভারতে যাচ্ছেন। এর আগে তিনি মনে করেছিলেন, তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য মানুষের লাশ ফেলার প্রয়োজন তার ছিল না। পরিস্থিতিতে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানান।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা নিয়ে দাবি

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা হয়েছে বলেও দাবি করেন শেখ হাসিনা। তার দাবি, দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মামলা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের সদস্যদের ওপর সহিংসতার ঘটনাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার দাবি, বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে এসব বিষয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজের বক্তব্য ও ব্যাখ্যাই তুলে ধরেছেন।

ডিসেম্বরই কেন

ডিসেম্বরের আগেই দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে ফিরবেন কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডিসেম্বর মাসটি তিনি ইচ্ছা করেই বেছে নিয়েছেন।

তার মতে, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। তাই ওই মাসেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।

তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও জানান তিনি। তাদের ওপর নির্যাতন ও হামলা চলছে বলে অভিযোগ করলেও তারা এখনো তার সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করেন শেখ হাসিনা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com