নেপালের বন্যার্তদের সহায়তায় নিজের জমানো টাকা তুলে দিচ্ছে ১০ বছরের শিশু আলফাজ শেখ।
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের এক বছরের সঞ্চয় তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছে ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরের ১০ বছর বয়সী এক শিশু।
আলফাজ শেখ নামের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার জমানো টাকার পিগি ব্যাংক জেলা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র সিং তানওয়ারের হাতে তুলে দেয়। নেপালের বন্যাকবলিত মানুষের সহায়তায় নিজের সাধ্যমতো অবদান রাখতেই এই উদ্যোগ নিয়েছে বলে জানায় আলফাজ।
শিশুটি জানায়, ইউটিউবে নেপালের বন্যার ভয়াবহ চিত্র দেখার পর তার মন খারাপ হয়ে যায়। বন্যায় মানুষের ঘরবাড়ি হারানো এবং দুর্ভোগের দৃশ্য দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা তৈরি হয়। পরে সে বিষয়টি তার দাদাকে জানায় এবং নিজের জমানো অর্থ দিয়ে বন্যার্তদের সহায়তা করার সিদ্ধান্ত নেয়।
আলফাজের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই শিশুটির মানবিকতা ও সহমর্মিতার প্রশংসা করছেন।
গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি দুই দেশে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
ভোটকোদশী নদীর আকস্মিক বন্যায় নেপালের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সড়ক, সেতু ও জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশূলী নদীর অববাহিকায় থাকা নুয়াকোট ও ধাদিংসহ বিভিন্ন নিম্নাঞ্চলেও বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। এতে যোগাযোগব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে জাতিসংঘ।
এদিকে বন্যায় নিহতদের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নেপালে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকের অংশ হিসেবে দেশটির সরকারি অফিস এবং বিদেশে থাকা নেপালের দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com