ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:১২ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, অর্থনৈতিক সংযোগে জোর

প্রকাশিত : ০৪:১২ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও চেকপোস্ট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। পাশাপাশি বিভিন্ন এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এবারের সম্মেলনে ব্রিকসকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত। বড় কোনো বৈশ্বিক আর্থিক কাঠামো পরিবর্তনের পরিবর্তে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর বাস্তব উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ব্রিকস বিজনেস ফোরামে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বাধা কমিয়ে ব্যবসার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিকসের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার দাবি, গত পাঁচ বছরে বিশ্ব জিডিপিতে ব্রিকস দেশগুলোর অংশ ৪০ শতাংশের বেশি হয়েছে। বিপরীতে জি-৭-এর অংশ প্রায় ২৯ শতাংশ। পুতিন অভিযোগ করেন, নিজেদের পুরোনো নেতৃত্ব ধরে রাখতে পশ্চিমা দেশগুলো বিভিন্নভাবে প্রতিযোগিতায় বাধা সৃষ্টি করছে। শিল্প ও সরবরাহ অবকাঠামোয় হামলা, জাহাজ জব্দ এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।

এদিকে বড় অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের ঝুঁকি মোকাবিলায় ব্রিকসের যৌথ পুনর্বিমা কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রায় ১০ বিলিয়ন ডলারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের আস্থা বাড়তে পারে। অন্যদিকে নৌযান চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর দিল্লির পথে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ভারত-চীন সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিভিন্ন মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বেইজিং।

বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি এবারের ব্রিকস আলোচনায় মধ্যপ্রাচ্যের সংকটও গুরুত্ব পেতে পারে। ইরানের সদস্যপদ এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ঘিরে উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালির পরিস্থিতি জোটের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একই বিষয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন অবস্থান থাকায় মধ্যপ্রাচ্য সংকটে অভিন্ন অবস্থানে পৌঁছানো ব্রিকসের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com