ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ, কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গনাইয়েরকুটি গ্রামের আল আমিন মোল্লা ও সুরুজ মিয়া। অজ্ঞাতনামা আসামি থাকায় গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন কৃষক।

৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড় এলাকায় এক সার ডিলারের গুদামের সামনে কয়েক শ কৃষক জড়ো হন। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার দেওয়া হচ্ছিল না। পাশাপাশি পরিচিত ও পছন্দের ব্যক্তিদের বেশি সার দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তাঁরা।

সার বিতরণে ধীরগতি ও অনিয়মের অভিযোগে একপর্যায়ে কৃষকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ কৃষকদের একাংশ তাঁকে অবরুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় পরদিন কৃষি কর্মকর্তা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।

মামলার বিষয়ে বাদী ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে শহীদ মোড় এলাকার এক কৃষক বলেন, সার চাইতে গিয়ে তাঁরা কোনো অপরাধ করেননি। সার না পেয়ে তাঁরা রাস্তায় বসেছিলেন। কিন্তু পরে মামলা হওয়ায় এবং রাতে এলাকায় পুলিশের যাতায়াত বাড়ায় সাধারণ কৃষকেরা আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

তবে সাধারণ কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। সাধারণ কৃষকদের আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com