পাঁচবিবির বীরনগরে আখক্ষেত থেকে তমেজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহটি নির্জন স্থানে ফেলে রাখা হতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে যান তমেজুল। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের উদ্দেশে শ্বশুরবাড়ি থেকে বের হন তিনি।
এরপর থেকে তমেজুলের সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনরা।
শনিবার সকালে বীরনগর এলাকার কয়েকজন কৃষক আখক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তমেজুল ইসলামের বলে শনাক্ত করেন। তবে ঘটনাস্থল বা আশপাশে তার মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com