ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বনানীতে ২০ বর্গফুটের কবরের জায়গার দাম সাড়ে ৪ কোটি টাকা

প্রকাশিত : ০৪:৫৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

বনানী কবরস্থানে জায়গার তীব্র সংকট

নিউজ ডেস্ক :

রাজধানীর বনানীতে আবাসিক ফ্ল্যাটের সঙ্গে পাল্লা দিচ্ছে কবরের জায়গার দাম। প্রায় ২ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে যেখানে ৪ থেকে সাড়ে ৫ কোটি টাকা খরচ হতে পারে, সেখানে মাত্র ২০ বর্গফুটের মতো জায়গায় একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে লাগছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জায়গার তীব্র সংকটের কারণেই এমন অস্বাভাবিক মূল্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত বনানী কবরস্থানে বর্তমানে ৯ হাজারের বেশি কবর রয়েছে। নতুন জায়গার সংকট থাকায় পুরোনো কবরের জায়গাই পুনর্ব্যবহার করা হচ্ছে। একটি স্থায়ী কবর পুনর্ব্যবহার করে নতুন দাফনের জন্য নির্ধারিত ফি ৫০ হাজার ৫০০ টাকা। আর কবর ১৫ বছরের জন্য সংরক্ষণ করতে খরচ প্রায় ৩ কোটি এবং ২৫ বছরের জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

কবরস্থান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন কবরের জায়গার খোঁজে আসেন। অনেকেই বড় অঙ্কের অর্থ দিতে প্রস্তুত থাকলেও জায়গার সংকটে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। বনানী কবরস্থানে সাধারণত দুই বছর পর পুরোনো কবরের জায়গায় নতুন করে দাফন করা হয়। কোনো কোনো স্থায়ী কবরে সাতজন পর্যন্ত মরদেহ দাফন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি কয়েক বছর ধরে নিজের জন্য কবরের জায়গা খুঁজছেন। তার ভাষ্য, ৪ থেকে ৫ কোটি টাকা খরচ করতেও তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু সাড়ে তিন হাত জায়গার একটি কবরও পাওয়া যায়নি।

নগর পরিকল্পনাবিদদের মতে, বনানীর কবরস্থানের পরিস্থিতি পুরো ঢাকার কবরস্থান সংকটেরই প্রতিফলন। দ্রুত নগরায়ণের সঙ্গে জনসংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে কবরস্থানের জমি বাড়েনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, কবরস্থানও গুরুত্বপূর্ণ নগরসেবার অংশ। তবে ঢাকায় এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে।

রাজধানীর আজিমপুর কবরস্থানেও একই ধরনের সংকট রয়েছে। প্রায় ৩২ একর জায়গার এই কবরস্থানে প্রায় ৩০ হাজার কবর রয়েছে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জনকে সেখানে দাফন করা হয়। সাধারণত একটি মরদেহ প্রায় ১৮ মাস কবরে রাখার পর প্রয়োজন অনুযায়ী সেই জায়গা পুনর্ব্যবহার করা হয়।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানান, বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী প্রতি ৫০ হাজার মানুষের জন্য এক একর কবরস্থান প্রয়োজন। ঢাকার জনসংখ্যা সাড়ে ৩ কোটি ধরলে প্রায় ৭০০ একর কবরস্থানের জমি প্রয়োজন হতে পারে। জনসংখ্যা ২ কোটি ধরলেও প্রয়োজন হবে প্রায় ৪০০ একর।

বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ছোট আকারের কবরস্থান নির্মাণের সুপারিশ করা হয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com