ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মক্কাকে লক্ষ্য করে হুতি হামলার নিন্দা দুই পবিত্র মসজিদের ইমামদের

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মক্কার মসজিদুল হারাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামরা মক্কাকে লক্ষ্য করে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার খুতবায় তারা দুই পবিত্র মসজিদকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টাকে গুরুতর অপরাধ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অবমাননা হিসেবে উল্লেখ করেন।

মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলাহ বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা পবিত্র স্থানগুলোকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা এসব স্থানের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি।

তিনি বলেন, আল্লাহর পবিত্র ঘর ও রাসুলের মসজিদকে লক্ষ্য করার মতো কর্মকাণ্ড ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে হুতিদের বিরুদ্ধে ধর্মীয় স্লোগানকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আড়াল হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

শেখ বান্দার বালিলাহ আরও বলেন, এ ধরনের হামলার প্রচেষ্টা দুই পবিত্র মসজিদের নিরাপত্তার বিষয়ে সৌদি নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও দৃঢ় করবে। মুসলমানদের কিবলা হিসেবে সৌদি আরব তার অবস্থানে অটল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে মসজিদে নববীর খুতবায় শেখ আবদুলমোহসেন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনাকে হুমকির মুখে ফেলা হুতি হামলা এমন একটি সন্ত্রাসী প্রবণতার প্রতিফলন, যার মাধ্যমে মুসলমানদের রক্তপাতকে বৈধ মনে করা এবং নিরাপদে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়।

ইমামদের এই বক্তব্য আসে মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করার কয়েক দিন পর। সৌদি জোটের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত করে বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছিল বলে জানানো হয়।

ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোটের দাবি, এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কাকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছিল।

সূত্র: সৌদি গেজেট

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com