ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগে’: আদালত প্রাঙ্গণের ঘটনা নিয়ে পরীমনি

প্রকাশিত : ০৩:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২৬

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের আচরণ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি।

ডিজিটাল রিপোর্ট :

আদালতে যাওয়া-আসার প্রায় ছয় বছরের অভিজ্ঞতায় সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। ওই ব্যক্তি তাঁকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

ঘটনাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।

পরীমনি বলেন, এই আদালতে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে তাঁর। এ সময়ে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও মূলধারার সাংবাদিকেরা তাঁর সঙ্গে নিয়মিত দেখা করেছেন। কিন্তু কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেছেন—এমন অভিযোগ কেউ করতে পারবেন না বলে দাবি করেন তিনি।

এদিকে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তাঁর গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী ২৩ ডিসেম্বর।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com