ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:০৪ এএম, ১২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুনের উপস্থিতি, সমালোচনা

প্রকাশিত : ০৪:০৪ এএম, ১২ নভেম্বর ২০২৬

তিতাসের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুনের উপস্থিতি

ডিজিটাল রিপোর্ট :

কুমিল্লার তিতাসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তাঁর এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের অনুষ্ঠানে তাঁদের অতিথি হিসেবে মঞ্চে দেখা যাওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ অনেকে।

তবে আয়োজকদের দাবি, টিকটকার মামুন বা তাঁর সঙ্গিনীকে তাঁরা আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পরপরই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তাঁর এক সঙ্গিনীর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সৈয়দ আনোয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?’ পোস্টে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য শুধু আনন্দ বা পুরস্কার গ্রহণের আয়োজন নয়; বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও উপলক্ষ। এ ধরনের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তা শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিকতায় প্রভাব ফেলতে পারে।

ওই পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত ব্যক্তিদের শিক্ষার্থীদের সামনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থাপন করা হলে তারা কী বার্তা পাবে এবং ভবিষ্যতে কাদের অনুসরণ করবে।

ইয়াসিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারীও টিকটকার মামুন ও তাঁর সঙ্গিনীকে অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে রাখার সমালোচনা করেন। তাঁর ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত। সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার চর্চার পরিবর্তে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, টিকটকার মামুন বা তাঁর সঙ্গিনীকে তাঁরা চেনেন না। তাঁদের আমন্ত্রণও জানানো হয়নি। তাঁরা অনুষ্ঠানের অতিথিও ছিলেন না। বিষয়টি জানার পরপরই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

আমন্ত্রণ না জানালে তাঁরা অনুষ্ঠানে কীভাবে এলেন—এমন প্রশ্নের জবাবে সভাপতি আক্তার হোসেন বলেন, মোশাররফ নামে তাঁদের পরিচিত একজন সৌদি আরবে থাকেন। হয়তো তিনিই তাঁদের পাঠিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল বলেন, প্রথমে তাঁরা টিকটকার মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই দুজন মঞ্চে এলে তাঁদের পরিচয় জানতে চান। তখন একজন তাঁদের টিকটকার মামুন ও তাঁর সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি জানার পরপরই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দিতে বলা হয়। পরে তাঁরা মঞ্চ ছেড়ে চলে যান।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com