ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত ইমন গ্রেপ্তার, আটক আরও ১৪

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর পুলিশের অভিযান

ডিজিটাল রিপোর্ট :

কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেলেও পুলিশের অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ে সে। এদিকে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে রয়েছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

গত সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক কিশোর। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত।

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোর পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকত।

হামলার পর নিজের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইমন। পুলিশ বাড়িতে অভিযান চালিয়েও কাউকে পায়নি। পরে নজরদারি ও একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করা হবে।

এদিকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com