ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:০০ এএম, ১০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

প্রকাশিত : ০১:০০ এএম, ১০ নভেম্বর ২০২৬

ভিডিও বার্তায় এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ফজলুল করিম

ডিজিটাল রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ভিডিওতে ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।

ফজলুল করিম বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে পুরোনো মদ ভরে দেওয়া হয়েছে। তাঁর দাবি, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।

তিনি জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তাঁর ধারণা ছিল, দলটিতে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে দলের কার্যক্রমের সঙ্গে তাঁর প্রত্যাশার মিল পাননি। এ কারণে তিনি দলটির সঙ্গে আর থাকতে চান না।

ভিডিও বার্তায় জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন ফজলুল করিম। এ ছাড়া কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে। সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ভিডিওতে দেখান তিনি। এগুলোকে নিজের অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেন ফজলুল করিম।

ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

এদিকে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com