ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:২১ এএম, ১২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারী নেতাকর্মীদের বিক্ষোভ

প্রকাশিত : ০৪:২১ এএম, ১২ নভেম্বর ২০২৬

মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

ডিজিটাল রিপোর্ট :

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা। নারীদের নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্য ও মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় তাঁরা ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ নানা অনুষ্ঠানে নারীদের নিয়ে তাঁর বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে তাঁদের অভিযোগ। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তাঁরা। তাই আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে মুফতি আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com