জামালপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন খোকন
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ছেলের ফেসবুকে ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরে তার বাবা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোশাররফ হোসেন খোকন জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল জান্নাত শাহ।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলারকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে খোকনের ছেলে শাহাদাৎ হোসেন চয়ন নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। চয়ন জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।
ভিডিও বার্তায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
এরপর চয়নকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। এ সময় বাড়িতে থাকা তার বাবা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করে জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল।
এদিকে, বাবাকে গ্রেপ্তারের পরও বুধবার দুপুর পর্যন্ত চয়নের ফেসবুক আইডিতে লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে প্রকাশ করা ভিডিওটি দেখা গেছে।
নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, চয়নের ফেসবুক পোস্টে নাশকতার হুমকি ছিল। পাশাপাশি তার বাবা বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও পুলিশের কাছে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com