‘কড়া আলাপ’ টকশোতে সহ-আলোচকের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে যান রাশেদ খাঁন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ড. আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়েন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে প্রচারিত ওই টকশোতে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও ড. আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল মান্নান তাঁকে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন।
এতে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য প্রত্যাহার ও উপযুক্ত প্রতিকার দাবি করেন। পাশাপাশি বলেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানের পক্ষ থেকে বক্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান। তবে রাশেদ খাঁন বলেন, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। আব্দুল মান্নান মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন তিনি।
এর আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠক হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় অভিযোগ করে আসছিলেন রাশেদ খাঁন।
গত বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগটি নাকচ করেন। তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই। রাজনৈতিক দল হিসেবে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে।
একই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে কটাক্ষ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা জামায়াতের পেছনে লেগে থাকলেও তাঁকে কোনো বেতন বা মজুরি দেওয়া হচ্ছে না। বক্তব্যের একপর্যায়ে তাঁকে ‘ফালতু লোক’ বলেও আখ্যা দেন জামায়াত আমির।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা প্রতিক্রিয়া জানান রাশেদ খাঁন। তিনি শফিকুর রহমানকে উদ্দেশ করে লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করে সংসদে দেওয়া বক্তব্যের জবাব তিনি শিগগিরই দেবেন।
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রাখার পরও তাঁকে কেন ‘ফালতু’ বলা হলো। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন।
পোস্টে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েবের বিভিন্ন তথ্যের প্রসঙ্গও তোলেন তিনি। সাদিক কায়েম ও মিয়া গোলাম পরওয়ারের কথিত বৈঠকসংক্রান্ত তথ্যের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন করেন রাশেদ খাঁন।
টকশোতে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আটক, রিমান্ড এবং নির্যাতনের অভিযোগের কথাও উল্লেখ করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১ জুলাই রাজধানী থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে রাশেদ খাঁন দাবি করেন, আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তাঁকে নির্যাতন করা হয়েছিল। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তাঁর করা নির্যাতনের অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে।
রাজনৈতিক জীবনে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিতি পান। পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com