১১ দলীয় জোট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আম্মার।
বিএনপির বিকল্প হিসেবে দেশের মানুষের সামনে কার্যকর কোনো রাজনৈতিক শক্তি নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তাঁর দাবি, ১১ দলীয় জোট ক্ষমতায় এলেও সাত দিন সরকার পরিচালনা করতে পারবে না। অন্যদিকে, বিকল্প রাজনৈতিক শক্তি না থাকায় বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সালাহউদ্দিন আম্মার।
পোস্টে তিনি লেখেন, বিএনপির বিরোধিতা করার পাশাপাশি দেশ পরিচালনায় দলটির ব্যর্থতা, বিভিন্ন স্থানে সংঘর্ষ, হানাহানি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। তবে বিএনপির বিকল্প হিসেবে ১১ দলীয় জোট কতটা প্রস্তুত, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, জোটটি নিজেরাও জানে যে তারা দেশ পরিচালনার জন্য প্রস্তুত নয়। এ কারণে তারা সীমিত বিরোধিতার মধ্যেই থাকতে চাইছে।
সালাহউদ্দিন আম্মারের দাবি, ১১ দলীয় জোট শক্তভাবে মাঠে নামলে সরকার পতনের পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিএনপির বঞ্চিত একটি বড় অংশ এবং আওয়ামী লীগও নিজেদের স্বার্থে জোটটির সঙ্গে যুক্ত হতে পারে। এমন পরিস্থিতি সামাল দেওয়া বিএনপির পক্ষে কঠিন হবে বলে মনে করেন তিনি।
তবে ১১ দলীয় জোট ক্ষমতায় এলেও সাত দিন সরকার টিকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক এই রাকসু জিএস। তিনি বলেন, বর্তমানে বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে বিকল্প কিছু নেই। আর এই সুযোগেই বিএনপির বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে ফ্যাসিবাদী প্রবণতার বার্তা পাওয়া যাচ্ছে।
পোস্টে তিনি আরও বলেন, দখলদারত্ব, চাঁদাবাজি ও সহিংসতায় বিরক্ত সাধারণ মানুষের মধ্যে এমন প্রশ্ন তৈরি হচ্ছে—তাহলে আওয়ামী লীগ খারাপ কী ছিল? তাঁর মতে, বিএনপির বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে অতীতের কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
বিএনপির অতীত ও বর্তমান নেতৃত্বের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আম্মার বলেন, দলের বড় একটি অংশ বর্তমান বিএনপিকে চেনে না; তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের বিএনপিকে চেনে। ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মীর রক্তের প্রসঙ্গ তুলে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করেন। একই সঙ্গে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি দলের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ কখনো বাস্তবিক অর্থে স্বাধীনতা পায়নি, ভবিষ্যতেও পাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর ভাষ্য, যারা রাজনীতিতে ভালো কিছু করতে চান, তাঁদের সঙ্গে ভালো কিছু ঘটে না; আর যাদের সঙ্গে ভালো কিছু ঘটে, তারা মানুষের ভালো চান না।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com