ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, দাবি এনসিপির

প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৫ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন এনসিপি-সমর্থকেরা

ডিজিটাল রিপোর্ট :

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে একদল আওয়ামী লীগ-সমর্থক হেনস্তার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় নাহিদ নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করা হয়েছে।

এক সপ্তাহের সাংগঠনিক ও রাজনৈতিক সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান।

অনুষ্ঠান শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থকদের মুখোমুখি হন তিনি। এ সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপি-সমর্থকেরা নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। অন্যদিকে গাড়ির সামনে আওয়ামী লীগ-সমর্থক কয়েকজনের সঙ্গে এনসিপি কর্মীদের বাদানুবাদ চলছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওর ক্যাপশনে এম এ হিমেল লেখেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিড়তে পারেনি!’

হিমেলের প্রকাশ করা আরেকটি ভিডিওতে এনসিপি-সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডাবাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’

ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ বরাবরই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। শনিবার রাতেও এমন চেষ্টা করা হলেও তা সফল হয়নি। নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান সফলভাবে শেষ করে নিরাপদে চলে গেছেন। তবে আওয়ামী লীগ-সমর্থকেরা বাইরে চিৎকার-চেঁচামেচি করেছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তাঁর দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ হওয়ায় নাহিদ ইসলামের প্রতি আওয়ামী লীগের সমর্থকদের আক্রোশ রয়েছে। তবে তাঁদের কর্মসূচিতে এখন ১০ থেকে ১৫ জনের বেশি মানুষ সাড়া দিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

সারোয়ার তুষার আরও অভিযোগ করেন, নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার পেছনে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ-সমর্থক এক ব্যক্তি সংগঠক হিসেবে কাজ করছেন। ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে অথবা যুক্তরাজ্য সরকারের কাছে তাঁকে দেশে ফেরত পাঠানোর আবেদন জানাতে পারে।

ঘটনার বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com